ব্যাংক বীমা

বাংলাদেশ ব্যাংকের নতুন শর্ত, মামলা চললে বন্ধ প্রণোদনা ও নীতি সহায়তা

সংগৃহীত ছবি

সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে গ্রাহকদের কোনো ধরনের নীতি সহায়তা বা প্রণোদনা দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট-সংক্রান্ত বিভাগের পরিচালক আবুল কালাম আজাদের সই করা এক সার্কুলারে দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা পুনর্গঠন, আর্থিক খাতকে স্থিতিশীল করা, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে। তবে কিছু গ্রাহক এসব সুবিধা গ্রহণ করলেও সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা রিটসহ অন্যান্য মামলা এখনো চলমান রয়েছে।

এতে আর্থিক খাতে মামলাজট তৈরি হচ্ছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নীতি সহায়তা বা প্রণোদনা পাওয়ার জন্য আবেদনকারী গ্রাহককে সংশ্লিষ্ট মামলাগুলো প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহারের পরই সরকারি বা বাংলাদেশ ব্যাংকের ঘোষিত এবং ভবিষ্যতে ঘোষিত প্রণোদনা প্যাকেজ ও অন্যান্য নীতি সহায়তার আবেদন বিবেচনা করা হবে।

গ্রাহকের আবেদন পর্যালোচনার সময় মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট গ্রাহককে একটি হলফনামা দিতে হবে। হলফনামায় সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা অনিষ্পন্ন নেই—এমন ঘোষণা দিতে হবে। পাশাপাশি প্রত্যাহার করা মামলাগুলোর তালিকাও উল্লেখ করতে হবে।

তবে হলফনামা দেওয়ার পর গ্রাহকের জন্য অনুমোদিত নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করা যাবে না। নীতিগত সম্মতির ভিত্তিতে অনুমোদিত সুবিধা বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

ক্যাটাগরি