বালিতে দুর্ঘটনায় নুসরাত ভরুচার মেরুদণ্ডে চিড়, নেওয়া হচ্ছে মুম্বাই

ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা। দুর্ঘটনায় তার মেরুদণ্ডে চিড় ধরা পড়েছে। উন্নত চিকিৎসা ও সম্ভাব্য অস্ত্রোপচারের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে মুম্বাইয়ে নেওয়া হচ্ছে।
শুটিংয়ের কাজে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন নুসরাত। কাজ শেষ করে সেখানে আরও কয়েক দিন ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। তবে এর মধ্যেই দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর প্রথম দিকে তার আঘাতের মাত্রা স্পষ্ট ছিল না। পরে নুসরাতের জনসংযোগ দল জানায়, চিকিৎসকদের পরীক্ষায় তার মেরুদণ্ডে গুরুতর ফাটল বা চিড় ধরা পড়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তাকে মুম্বাইয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মুম্বাইয়ে পৌঁছানোর পর তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী চিকিৎসা শুরু হবে। মেরুদণ্ডের আঘাতের কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানা গেছে।
এদিকে নুসরাতের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার জনসংযোগ দল।
পাশাপাশি এই কঠিন সময়ে নুসরাতের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে বলেও জানিয়েছে টিম।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



