অর্থনীতি

ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। আমানতের এই প্রবৃদ্ধিকে তারই ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। পাশাপাশি সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় আমানত বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্যান্য ব্যাংকের মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকা।

আমানত বৃদ্ধির ধারায় কয়েকটি বেসরকারি ব্যাংকও উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ব্র্যাক ব্যাংকের আমানত ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে সিটি ব্যাংকের আমানত ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৭ হাজার ৪১২ কোটি টাকা হয়েছে। ব্যাংক এশিয়ার আমানতও প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র এক রকম নয়। গ্রাহকরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও শক্তিশালী আর্থিক ভিত্তি রয়েছে-এমন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তার মতে, আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকগুলোর সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।

তবে আমানত বাড়লেই ব্যাংক খাতের সংকট পুরোপুরি কেটে গেছে, এমনটি মনে করছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে, গ্রাহকদের প্রয়োজনের সময় টাকা উত্তোলন, মেয়াদি আমানত ফেরত এবং চেক ও এটিএম সেবা নির্বিঘ্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য এসব সেবা স্বাভাবিক রাখাই হবে গ্রাহকের আস্থা ফেরানোর বড় পরীক্ষা।

এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু তারল্য সহায়তা যথেষ্ট নয়। এর পাশাপাশি করপোরেট সুশাসন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে আমানত বৃদ্ধির এই ধারা ধরে রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো জরুরি। এতে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ক্যাটাগরি