সারাদেশ

মুলাদীতে কৃষক হত্যা: পরকীয়ার জেরে স্বামীকে খুন, রান্নাঘরের পাশে মিলল মরদেহ

বরিশালের মুলাদী উপজেলায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে এক কৃষককে হত্যার পর ঘরের পাশে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার চরমালিয়া গ্রামে নিহতের বাড়ির রান্নাঘরসংলগ্ন এলাকা থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হারুন হাওলাদার (৫৯) চরমালিয়া গ্রামের মৃত অছিমদ্দিন হাওলাদারের ছেলে।

ঘটনার পর নিহতের স্ত্রী সেলিনা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজান তিনি।

গত শুক্রবার রাতে হারুন হাওলাদার নিখোঁজ হন। পরে সেলিনা বেগম দাবি করেন, গভীর রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন তার স্বামীকে হাত-পা ও চোখ বেঁধে ট্রলারে করে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় তার ছেলে জাফর হাওলাদারকে দিয়ে শনিবার মুলাদী থানায় একটি অপহরণ মামলা করানো হয়। মামলার প্রধান সাক্ষীও ছিলেন সেলিনা বেগম।

পুলিশ জানায়, শনিবার সকালে সফিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল ব্যাপারীর মাধ্যমে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আমান বান্নার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে তদন্ত শুরু করে।

ইউপি সদস্য হেলাল ব্যাপারী জানান, শুরু থেকেই সেলিনা বেগমের বক্তব্য ও আচরণে সন্দেহ দেখা দেয়। বিশেষ করে, শুক্রবার রাতেই তিনি ঘরের মেঝে নতুন করে কাদামাটি দিয়ে লেপে দেন। সোমবার সকালে স্থানীয়রা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে রান্নাঘরের পাশে নতুন খোঁড়া মাটি ও মানুষের আঙুলের মতো অংশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেখানে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করে।

ক্যাটাগরি