মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবর মিথ্যা, দাবি ওমর সানীর

স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ না হলে এবং সংশ্লিষ্ট পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেতা।
ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’
নিজের পরিবার ও চলচ্চিত্রজীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারা এখন অনেক সিনিয়র হয়ে গেছেন। চলচ্চিত্রে কাজ করতে আসা কোনো অপরাধ নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবার ও নিজের কাজ নিয়ে ভালো আছেন। তিনি আরও বলেন, তারা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চান এবং নিজেদের অবস্থানে ঠিক আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের প্রতিবাদ জানিয়ে ওমর সানী বলেন, ‘আমাকে আমার মতো থাকতে দিন। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’
তিনি আরও প্রশ্ন তোলেন, পরিবার নিয়ে এ ধরনের পোস্ট করে সংশ্লিষ্ট ব্যক্তিরা কত টাকা আয় করবেন।
মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার গুঞ্জন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।
অভিনেতার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। তাই মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবর সত্য নয় বলে জানান এই অভিনেতা।
ফারদিনেরও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
এর আগে মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে কঠোর অবস্থানের কথা জানান ফারদিন। নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে পরিবারের বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন ফারদিন।
ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তার পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন ওমর সানী। এবার সাংবাদিকদের সামনে এসে পরিবার নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন এই অভিনেতা।



