রাজধানী

রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন

সংগৃহীত ছবি

 

রাজধানীর পল্লবী ও বাড্ডা এলাকায় এক রাতেই তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মধুমতী, আলিফ ও বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প এলাকায় পার্ক করা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়। স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদে সরে যান। আগুনে বাসটির সব আসন পুড়ে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এসব ঘটনায় কারা জড়িত এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্যাটাগরি