লোকাল এলসি ব্যবস্থাপনায় ‘বার্তা’ চালু, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা ‘বার্তা’ নামের এ ব্যবস্থার মাধ্যমে এখন থেকে ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে লোকাল এলসি-সংক্রান্ত তথ্য ও বার্তা বিনিময় করতে পারবে।
নতুন এ উদ্যোগের ফলে বাণিজ্যিক কার্যক্রমে সময় ও ব্যয় কমার পাশাপাশি বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হওয়া এবং দেশীয় শিল্পের মূল্য সংযোজন বাড়ার সুযোগ তৈরি হবে।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বার্তা’ প্ল্যাটফর্মের মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি লোকাল এলসির তথ্য সংগ্রহে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরশীলতাও কমবে।
নতুন ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্যের নিরাপত্তা। এ জন্য প্ল্যাটফর্মটিতে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এপিআইভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও ফায়ারওয়াল ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে থাকবে দুই স্তরের নিরাপত্তা পদ্ধতি।
এ ছাড়া প্রতিটি ব্যাংকের তথ্য আলাদাভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্ল্যাটফর্মে তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন, তবে কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, ‘বার্তা’ পুরোপুরি কার্যকর হলে রপ্তানি বাণিজ্যে গতি আসবে এবং পশ্চাৎমুখী সংযোগ শিল্পের (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) বিকাশ ত্বরান্বিত হবে। পাশাপাশি প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং দেশের রপ্তানি পণ্যে স্থানীয় মূল্য সংযোজন বাড়বে।
তবে প্রাথমিক পর্যায়ে নতুন প্ল্যাটফর্মের পাশাপাশি লোকাল এলসির তথ্য আদান-প্রদানে প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। ‘বার্তা’ পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হওয়ার পর ধাপে ধাপে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ দেশের ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে ভূমিকা রাখবে।



