ধর্ম

শীতকাল ইবাদতের বিশেষ সুযোগ, যে ৪ আমলে মিলবে জান্নাতের সুসংবাদ

ছবি : সংগৃহীত
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। দুনিয়ার প্রয়োজন মেটানো, জীবিকা নির্বাহ ও পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি একজন মুমিনের প্রধান কাজ আল্লাহর ইবাদত করা। জীবনের অনেক কাজই ইবাদতের অংশ হতে পারে। তবে দৈনন্দিন কাজের পাশাপাশি নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত ও অন্যান্য নফল ইবাদতের জন্য আলাদা সময় রাখা জরুরি। কারণ, ইবাদতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের পথ তৈরি হয়।

দুনিয়ার জীবনে কোনো ক্ষতি হলে তা কাটিয়ে ওঠার সুযোগ থাকে। কিন্তু আখেরাতের ক্ষতি পূরণের সুযোগ নেই। অথচ অনেক সময় দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে ইবাদতে অবহেলা করা হয়। সারা বছরই কমবেশি এই গাফলতি দেখা যায়। তাই ইবাদতে মনোযোগী হওয়ার জন্য শীতকাল হতে পারে বিশেষ সুযোগ।

গ্রীষ্মকালে দিন বড় ও রাত ছোট হওয়ায় অনেকের জন্য নফল রোজা রাখা কিংবা রাতের নফল নামাজ আদায় করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে শীতকালে দিন ছোট এবং রাত দীর্ঘ হওয়ায় এসব ইবাদত তুলনামূলক সহজ হয়। এ কারণেই রাসুলুল্লাহ (সা.) শীতকালকে ‘ঠান্ডা গনিমত’ হিসেবে উল্লেখ করেছেন। গনিমত অর্থ এমন প্রাপ্তি, যা তুলনামূলক কম কষ্টে অর্জন করা যায়। শীতের ছোট দিনে সহজে নফল রোজা রাখা যায়, আর দীর্ঘ রাতে ঘুম থেকে কিছুটা সময় বের করে তাহাজ্জুদ আদায় করা সম্ভব।

সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) শীতকালকে স্বাগত জানাতেন। এ সময় তিনি বলতেন, শীতকাল ইবাদতের জন্য বিশেষ সুযোগ নিয়ে আসে। রাত দীর্ঘ হওয়ায় কিছুটা কম ঘুমিয়ে তাহাজ্জুদ পড়া যায়, আর দিন ছোট হওয়ায় নফল রোজা রাখা সহজ হয়। তাবেয়ি ওবায়দ ইবনে উমাইর (রহ.)-ও শীতকালে কোরআন তিলাওয়াতকারীদের বেশি বেশি রাতের নামাজ আদায় এবং দিনের বেলায় রোজা রাখার প্রতি উৎসাহিত করতেন।

জান্নাতের বিশেষ পুরস্কার পেতে চারটি গুণ

শীতকালে ইবাদত বাড়ানোর পাশাপাশি এমন কিছু আমলের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত, যেগুলো মানুষকে জান্নাতের বিশেষ নেয়ামত লাভের পথে এগিয়ে নেয়। হাদিসে জান্নাতের এমন কিছু প্রাসাদের কথা এসেছে, যেগুলোর ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতর দেখা যায়। সাহাবিরা জানতে চেয়েছিলেন, এসব প্রাসাদ কারা লাভ করবেন? জবাবে রাসুলুল্লাহ (সা.) কয়েকটি গুণের কথা উল্লেখ করেন। এগুলো হলো সুন্দর ও নম্রভাবে কথা বলা, মানুষকে খাবার খাওয়ানো, নিয়মিত রোজা রাখা এবং অন্যরা যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের নামাজ আদায় করা।

১. সুন্দর ও নম্রভাবে কথা বলা

মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া কিংবা বিরোধ তৈরির পেছনে অনেক সময় রূঢ় ও আঘাতমূলক কথাবার্তা দায়ী থাকে। কেউ খারাপ আচরণ করলে পাল্টা তর্কে জড়িয়ে না পড়ে ধৈর্য ধরা এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার শিক্ষা দিয়েছে ইসলাম। তাই কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়া এবং অন্যের প্রতি সম্মান বজায় রাখা একজন মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

২. অভাবী মানুষকে খাবার খাওয়ানো ও সহায়তা করা

দ্বিতীয় গুণটি হলো অভাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে শীতকালে দরিদ্র মানুষের কষ্ট বেড়ে যায়। অনেকের প্রয়োজনীয় শীতবস্ত্র কেনার সামর্থ্য থাকে না। তাই শীতার্ত মানুষের হাতে কম্বল, গরম কাপড় ও প্রয়োজনীয় খাবার তুলে দেওয়া উচিত। নিজের আশপাশের অসহায় মানুষের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী বিভিন্ন অঞ্চলের শরণার্থী ও দুর্দশাগ্রস্ত মানুষের প্রতিও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।

৩. বেশি বেশি নফল রোজা রাখা

তৃতীয় আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। হাদিসে এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি এক দিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ দূরে সরিয়ে দেন।

রাসুলুল্লাহ (সা.) প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এ ছাড়া প্রতি হিজরি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এই তিন দিন রোজা রাখলে পুরো মাস রোজা রাখার সওয়াব পাওয়া যায়। নিয়মিত এই আমল করলে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জিত হয়। শীতকালে নফল রোজার অভ্যাস গড়ে তুলতে পারলে পরবর্তী সময়ে গরমের দিনেও রোজা রাখা সহজ হবে।

৪. রাতের নামাজ বা তাহাজ্জুদ আদায়

চতুর্থ আমল হলো রাতের নামাজ বা তাহাজ্জুদ। রাতের নির্জনতায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন ঘুম ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ানো এবং তাঁর কাছে দোয়া করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। জান্নাতের আশা ও জাহান্নামের ভয় নিয়ে যারা রাতের একটি অংশ ইবাদতে কাটান, তাঁদের জন্য রয়েছে বিশেষ প্রতিদান। শীতের দীর্ঘ রাত তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার ভালো সুযোগ।

ফজর ও ইশার নামাজ জামাতে আদায়ের গুরুত্ব

নফল ইবাদতের পাশাপাশি ফজর ও ইশার নামাজ জামাতে আদায়ের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। হাদিসে এসেছে, যে ব্যক্তি জামাতে ইশার নামাজ আদায় করে, সে যেন অর্ধেক রাত ইবাদত করল। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে আদায় করে, সে যেন পুরো রাত ইবাদত করল।

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, মুনাফিকদের কাছে ফজর ও ইশার নামাজ সবচেয়ে ভারী মনে হয়। এ দুই নামাজের ফজিলত জানা থাকলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও জামাতে উপস্থিত হতো।

আল্লাহ তায়ালা মানুষের সামর্থ্য ও সীমাবদ্ধতার কথা বিবেচনা করে ইবাদতের নানা সুযোগ রেখেছেন। অল্প সময় ও সামান্য চেষ্টায়ও অনেক সওয়াব অর্জন করা সম্ভব। শীতকাল সেই সুযোগ কাজে লাগানোর উপযুক্ত সময়। তাই এই মৌসুম শুধু আরাম-আয়েশে কাটিয়ে না দিয়ে নফল রোজা, তাহাজ্জুদ, জামাতে নামাজ আদায়, কোরআন তিলাওয়াত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস গড়ে তোলা উচিত।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার এবং তাঁর সন্তুষ্টি অর্জনের তওফিক দান করুন। আমিন।

ক্যাটাগরি