রিজিকের খোঁটা দেওয়া ইসলামে কেন নিষেধ

মানুষের জীবনে রিজিক বলতে সাধারণত অর্থ-সম্পদ ও উপার্জনকে বোঝানো হলেও এর পরিধি অনেক বিস্তৃত। সুস্থতা, নিরাপদ জীবন, নেককার সন্তান, মানসিক প্রশান্তি, ভালোবাসা, ঈমান ও নেক আমল—সবই মহান আল্লাহর দেওয়া রিজিক। আর এই রিজিকের প্রকৃত মালিক ও নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই।’ (সুরা হুদ, আয়াত: ৬)। অর্থাৎ পৃথিবীর প্রতিটি প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহই করে থাকেন।
তবে রিজিকের মালিক আল্লাহ—এর অর্থ এই নয় যে মানুষ উপার্জনের চেষ্টা থেকে বিরত থাকবে। বরং হালাল উপায়ে জীবিকা অর্জনের জন্য শ্রম ও চেষ্টা করা প্রত্যেক মানুষের দায়িত্ব। মানুষের মেধা, যোগ্যতা ও পরিশ্রম উপার্জনের মাধ্যম হলেও সব অর্জনের পেছনে আল্লাহর অনুগ্রহ রয়েছে। তাই উপার্জন বা সামর্থ্য নিয়ে অহংকার করার কোনো সুযোগ নেই।
ইসলামে দুর্বল ও অসহায় মানুষের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে দুর্বলদের দোয়ায়ই তোমরা সাহায্যপ্রাপ্ত ও রিজিকপ্রাপ্ত হয়ে থাকো।’ (সহিহ বুখারি, হাদিস: ২৮৯৬)। এই হাদিস থেকে বোঝা যায়, পরিবারের অসহায় সদস্যদের অবদানও আল্লাহর অনুগ্রহ লাভের একটি মাধ্যম হতে পারে।
তাই স্ত্রী-সন্তান, মা-বাবা কিংবা অসহায় স্বজনদের ভরণ-পোষণের দায়িত্ব পালন করে কাউকে খোঁটা দেওয়া বা অবজ্ঞা করা উচিত নয়। বরং তাদের প্রয়োজন পূরণের সুযোগ পাওয়াকে আল্লাহর বিশেষ অনুগ্রহ মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
পরিবারের জন্য ব্যয় করাও ইসলামে বিশেষ সওয়াবের কাজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর পথে ব্যয়, দাসমুক্তি, মিসকিনকে দান এবং পরিবারের জন্য ব্যয়ের মধ্যে পরিবারের জন্য ব্যয় করা দিনারের সওয়াব সর্বাধিক। (সহিহ মুসলিম, হাদিস: ২২০১)।
অথচ অনেক সময় আর্থিক সংকট দেখা দিলে মানুষ পরিবারের সদস্যদের দায়ী করে। মনে করে, তাদের পেছনে খরচ না করলে হয়তো আর্থিক অবস্থা ভালো থাকত। কিন্তু এ ধরনের ধারণা ও আচরণ অনুচিত। জীবনে আর্থিক সংকট কখনো পরীক্ষা, কখনো ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা করার শিক্ষা হতে পারে। প্রতিটি সংকটকে পাপের শাস্তি মনে করাও সঠিক নয়।
এমন পরিস্থিতিতে অন্যকে দোষারোপ না করে নিজের ভুলত্রুটি পর্যালোচনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং হালাল উপায়ে উপার্জনের চেষ্টা অব্যাহত রাখা উচিত।
মনে রাখতে হবে, আজ যে ব্যক্তি অন্যের মুখে খাবার তুলে দিচ্ছেন, পরিস্থিতির পরিবর্তনে কাল তিনিও অন্যের সহযোগিতার প্রয়োজন অনুভব করতে পারেন। তাই কারো ভরণ-পোষণের দায়িত্ব পালন করে তাকে রিজিকের খোঁটা দেওয়া নয়; বরং আল্লাহর দেওয়া সামর্থ্যের জন্য শুকরিয়া আদায় করাই একজন মুমিনের উত্তম বৈশিষ্ট্য।



