শীত উপলক্ষে নতুন স্মার্ট গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন

শীত মৌসুম সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারসমৃদ্ধ প্রিমিয়াম মডেলের স্মার্ট গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশীয় সুপারব্র্যান্ড ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
নতুন মডেলের গিজারগুলোর মধ্যে রয়েছে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি, ওয়াইফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণ সুবিধাসম্পন্ন ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজার। এ ছাড়া রয়েছে ডুয়েল মাউন্টিং সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চ তাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল।
পাশাপাশি ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। শীতের সময় ঘর গরম রাখতে কম্বো মডেলের রুম হিটারও এনেছে ওয়ালটন। এতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিফায়ারের সুবিধাও রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উদ্বোধন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোবায়ের আহমেদ, ওয়ালটন হাই-টেকের বিজনেস কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আবদুল্লাহ-আল-জুনায়েদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আবদুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটনের প্রতিটি পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্ধারিত মান অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
তিনি জানান, শীত উপলক্ষে বাজারে আনা নতুন গিজারগুলোতে মরিচা প্রতিরোধী প্রযুক্তি ও পানির খনিজ আস্তরণ জমা প্রতিরোধী ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত পলিইউ থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত গরমে বিস্ফোরণের ঝুঁকি প্রতিরোধে নতুন মডেলের গিজারে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থাও রাখা হয়েছে।
গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে TÜV SÜD কর্তৃক পরীক্ষিত এফসিএম (ফুড কন্টাক্ট ম্যাটেরিয়াল) সনদপ্রাপ্ত ফুড গ্রেড উপকরণ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পণ্যগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে।
উদ্বোধন করা ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজারটি হাতের স্পর্শ ছাড়াই অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণ করা যাবে। আইওটি প্রযুক্তির মাধ্যমে ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোন থেকেও যেকোনো স্থান থেকে গিজারটি পরিচালনা করা যাবে।
নতুন গিজারগুলোতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুবিধা রয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে গ্রাহকদের সাত বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, নতুন কম্বো মডেলের রুম হিটারে এয়ার কুলার ও এয়ার হিউমিডিফায়ারের সুবিধা রয়েছে। ফলে শীতের সময় ঘর গরম রাখার পাশাপাশি গরমের সময় ঘরের বাতাস ঠান্ডা রাখতেও এটি ব্যবহার করা যাবে।



