জাতীয়

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি আনুপাতিক হারে বিভিন্ন ভাতাও বাড়বে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে পুরো বেতন একবারে কার্যকর না হয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।

এই বাড়তি অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।

২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামোয় নির্ধারিত মূল বেতনের পুরো বৃদ্ধিই কার্যকর হবে।

নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হওয়ায় ধাপে ধাপে বাস্তবায়নের কারণে যে বেতন বকেয়া থাকবে, তা কর্মকর্তা-কর্মচারীরা পাবেন। অর্থাৎ নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য বেতন এবং বাস্তবে পাওয়া বেতনের পার্থক্য পরবর্তী সময়ে বকেয়া হিসেবে পরিশোধ করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতনকাঠামোর আওতায় অন্যান্য সব ভাতা কার্যকর হবে। ফলে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতার ক্ষেত্রেও নতুন কাঠামো অনুযায়ী সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।

একইভাবে নতুন বেতনকাঠামোর আওতায় পেনশন সুবিধাভোগীরাও নির্ধারিত সব সুবিধা পাবেন।

এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভায় অনুমোদনের পর শনিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, বিভিন্ন ভাতা এবং পেনশন সুবিধায় পরিবর্তন আসবে। তবে পুরো বেতন বৃদ্ধি ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে; এর আগে নির্ধারিত হারে ধাপে ধাপে বাড়তি বেতন দেওয়া হবে।

ক্যাটাগরি