স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ১ হাজার ৩৮৫

ছবি : সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম এবং হামের উপসর্গ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৮০ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন করে মারা গেছেন। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে একজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

মৃত্যুর পাশাপাশি নতুন রোগী ভর্তির সংখ্যাও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৮, সিলেটে ১২১, বরিশালে ১১৭, খুলনায় ৭৬, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ১১৪ জন।

অন্যদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।

ক্যাটাগরি