আন্তর্জাতিক

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক মারার অভিযোগ

ইরানে হিজাব ছাড়া গান গাওয়া এবং সেই পরিবেশনা ইউটিউবে সম্প্রচারের অভিযোগে পারাস্তো আহমাদি নামে এক গায়িকাকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তাঁর দলের আরও চার সদস্যকে

গত সোমবার (২৩ নভেম্বর) তাঁদের ওপর এ শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছেন পারাস্তোর আইনজীবী। এর আগে গত জুনে আদালত তাঁদের চাবুক মারার নির্দেশ দিয়েছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি ও তাঁর দলের চার সদস্য ইউটিউবে একটি লাইভ কনসার্ট সম্প্রচার করেন। ওই পরিবেশনায় পারাস্তোর মাথায় হিজাব ছিল না। ইরানের আইন অনুযায়ী, নারীদের জন্য প্রকাশ্যে হিজাব পরা বাধ্যতামূলক।

ওই কনসার্টে পারাস্তো বেদনাবিধুর ও প্রতিবাদী সুরের গান পরিবেশন করেন। বিষয়টি নিয়ে দেশটির কর্তৃপক্ষের নজরে আসার পর তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

পারাস্তোর আইনজীবী বলেন, ভিডিও কনসার্টের সঙ্গে যুক্ত গায়িকা ও তাঁর প্রোডাকশন দলের চার সদস্যকে সোমবার ৭৪টি করে চাবুক মারা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন, অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার এবং ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের মার্চে ইরানের সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকেও ৭৪ বার চাবুক মারার শাস্তি দেওয়া হয়। তাঁর গানে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল বলে অভিযোগ ছিল।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে হিজাবসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশের হেফাজতে মারধরের শিকার হয়ে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর দেশটিতে অনেক তরুণীর মধ্যে হিজাব না পরার প্রবণতা বাড়তে দেখা যায়।

সূত্র: এএফপি

ক্যাটাগরি