১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল ১১টি গুরুত্বপূর্ণ উৎপাদন ও সেবা খাতের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নিয়মে সিগারেট, মোবাইল ফোন, ওষুধ, ব্যাংকিং ও বীমাসহ নির্ধারিত খাতের ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানকে এখন থেকে এনবিআরের নির্দিষ্ট ই-ভ্যাট পোর্টালেই রিটার্ন জমা দিতে হবে।
রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে স্বাক্ষর করেছেন এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান।
এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, উৎপাদন পর্যায়ের ৮টি এবং সেবা পর্যায়ের ৩টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হয়েছে।
উৎপাদন খাতের আওতায় রয়েছে—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।
অন্যদিকে সেবা খাতের মধ্যে রয়েছে—বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।
আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসা বা সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে।
এ ছাড়া অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা নিয়ে এর আগে জারি করা সব আদেশ এ আদেশ কার্যকর হওয়ার পর থেকে বাতিল বলে গণ্য হবে।
তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ তালিকায় নতুন কোনো খাত যুক্ত বা বিদ্যমান কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে।



