ছয় মাসে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয়কেন্দ্রে বাংলা কিউআর সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ আরও বাড়বে।
তিনি বলেন, সেবার মান উন্নয়ন এবং লেনদেনকে আরও সহজ করতে গত ১ নভেম্বর ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি নগদবিহীন লেনদেনের পরিধি বাড়াতে দেশের বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তৃণমূল পর্যায়ে এ সেবা সম্প্রসারণের চ্যালেঞ্জ তুলে ধরে ডেপুটি গভর্নর বলেন, মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমিত প্রাপ্যতা এ ক্ষেত্রে বড় বাধা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক, খুচরা বিক্রয় নেটওয়ার্ক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে মুদ্রা নোট ছাপানোর ব্যয় কমবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং দেশের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজলভ্য করাই বাংলা কিউআর সেবা সম্প্রসারণের মূল লক্ষ্য।



