অক্টোবরে রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকের মাধ্যমে

অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা। তবে এই বিপুল পরিমাণ প্রবাসী আয়ের মধ্যে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে শুধু বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।
এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রয়েছে।
বেসরকারি খাতের ব্যাংক দুটি হলো আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। অন্যদিকে বিদেশি খাতের চারটি ব্যাংক হলো ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
অর্থাৎ, অক্টোবর মাসে দেশে আসা মোট ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্সের কোনো অংশই এই আটটি ব্যাংকের মাধ্যমে আসেনি। বাকি ব্যাংকগুলোর মাধ্যমেই এসেছে পুরো প্রবাসী আয়।
ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ



