২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, ৪ কর্মকর্তাকে শোকজ

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)সহ চার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিদুল ইসলামকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যশোর অফিসে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় গ্রাহকের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের ওই অস্বাভাবিক বিলটি ইস্যু করা হয়েছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হলে দ্রুত বিলটি সংশোধন করা হয়। মঙ্গলবার সংশোধিত বিল পরিশোধ করেছেন ওই গ্রাহক।
২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি টাকা
বিলের তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ছিল ৩৯৫ এবং ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ছিল ১৬০। অর্থাৎ এক মাসে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।
এই ২৩৫ ইউনিটের বিপরীতে স্বাভাবিক বিলের পাশাপাশি ডিমান্ড চার্জ হিসেবে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা দেখানো হয়। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ মোট বিল ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা হওয়ার কথাও উল্লেখ ছিল।
অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল ছিল ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ এর পরিমাণ হওয়ার কথা ২ হাজার ৫৬ টাকা।
ভুলের কারণ জানাল পল্লী বিদ্যুৎ
অস্বাভাবিক বিল দেখে গ্রাহক ও তার পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। পরে বিলের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নজরে আসে। এরপর বিলটি সংশোধন করা হয়।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রাহকের মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যাওয়ায় অস্বাভাবিক বিল তৈরি হয়েছিল। পরে বিলটি সংশোধন করা হয়েছে এবং মঙ্গলবার গ্রাহক সংশোধিত বিল পরিশোধ করেছেন।
চার কর্মকর্তাকে শোকজ
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিদুল ইসলাম জানান, বিল তৈরিতে এমন বড় ধরনের ভুলের ঘটনায় ডিজিএম মো. রেজাউল করিম, বিলিং সুপারভাইজার, বিলিং সহকারী সোমা রানীসহ মোট চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জেনারেল ম্যানেজার মো. মহিদুল ইসলামকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যশোর অফিসে সংযুক্ত করা হয়েছে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



