অঙ্গীকার ভঙ্গ করা কবিরা গুনাহ ও মুনাফেকির লক্ষণ

দৈনন্দিন সামাজিক ও ব্যক্তিগত জীবনে ওয়াদা বা অঙ্গীকার পূরণের গুরুত্ব অপরিসীম। ইসলামে অঙ্গীকার রক্ষা করাকে ঈমানের অন্যতম অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পক্ষান্তরে, ওয়াদা ভঙ্গ করাকে কবিরা গুনাহ এবং মুনাফেকির সুস্পষ্ট আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইসলামি শরিয়তের নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বৈধ কোনো কাজের প্রতিশ্রুতি দেয়, তবে তা সাধ্যমতো পূরণ করা তার জন্য আবশ্যক।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় মুমিনদের অঙ্গীকার পূরণের নির্দেশ দিয়েছেন।
সুরা মায়েদার ১ম আয়াতে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করো।’
সুরা আল-আনআমের ১৫২ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহর অঙ্গীকার পূরণ করো।’
সুরা রাদের ২০ নম্বর আয়াতে প্রজ্ঞাবানদের পরিচয় দিয়ে বলা হয়েছে, ‘(বোধশক্তিসম্পন্ন লোকেরা এমন) যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না।’
এছাড়া সুরা নাহলের ৯১ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো।’
অঙ্গীকার রক্ষার ওপর ঈমানের স্থায়িত্ব নির্ভর করে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “যার মধ্যে আমানতদারি নেই, তার মধ্যে ঈমান নেই। অনুরূপ যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না, তার মধ্যে দ্বীন নেই।” ( বায়হাকি, মিশকাত)
হাদিসে ওয়াদা ভঙ্গকারীকে মুনাফেক হিসেবে সাব্যস্ত করা হয়েছে। নবী কারিম (সা.) বলেন, “মুনাফিকের নিদর্শন তিনটি— কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে তা ভঙ্গ করে এবং আমানত রাখলে খিয়ানত করে।” (সহিহ বুখারি ও মুসলিম)। অন্য বর্ণনায় এসেছে, বিবাদে লিপ্ত হলে গালাগাল করা মুনাফেকির চতুর্থ লক্ষণ।
হাদিসে কুদসিতে রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন—
“বিচার দিবসে আমি তিন ব্যক্তির বিরুদ্ধে নিজে বাদী হবো: ১. যে ব্যক্তি আমার নামে অঙ্গীকার করে তা ভঙ্গ করে, ২. যে ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করে, এবং ৩. যে ব্যক্তি কোনো কর্মচারীকে দিয়ে পূর্ণ কাজ আদায় করে নেয়, কিন্তু তার ন্যায্য পারিশ্রমিক প্রদান করে না।”* (সহিহ বুখারি)
ইসলামি চিন্তাবিদদের মতে, অঙ্গীকার ভঙ্গের দরুন সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এবং এর ফলে আল্লাহ তাআলা শত্রুদের বান্দার ওপর প্রভাবশালী করে দেন। তাই ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিতে প্রতিটি মুসলিমের উচিত ছোট-বড় সব ধরনের বৈধ অঙ্গীকার ও প্রতিশ্রুতি যথাযথভাবে মেনে চলা। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।



