অস্ট্রেলিয়ায় নারী এমপিকে দুই দফায় গাড়িচাপা, কেটে ফেলতে হলো এক পা

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাতা শহরে নিজের কার্যালয়ের সামনে গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন দেশটির ৬৫ বছর বয়সী স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনস। সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। অস্ত্রোপচারের পর তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়েছে। চিকিৎসকেরা তাঁর অন্য পাটি বাঁচানোর চেষ্টা করছেন।
বিবিসি, রয়টার্স ও অস্ট্রেলীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, হেলেন হেইনসের কার্যালয়ের সামনে সাদা রঙের একটি টয়োটা ল্যান্ডক্রুজার তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ রয়েছে, চালক গাড়িটি ঘুরিয়ে এনে দ্বিতীয়বারও তাঁকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। স্থানীয় একটি নাপিতের দোকানের কর্মী রিকি জেফরিস চালককে আটকাতে এগিয়ে যান এবং তাঁর কাছ থেকে একটি ছুরি কেড়ে নেন। পরে অন্যদের সহায়তায় চালককে আটকে রাখা হয়। পুলিশ এসে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
প্রথমে হেলেন হেইনসকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আকাশপথে তাঁকে মেলবোর্নের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁর একটি পা কেটে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন। ঘটনার উদ্দেশ্য ও সম্ভাব্য রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পুলিশ ও সন্ত্রাসবাদবিরোধী তদন্তকারী দল কাজ করছে। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হেলেন হেইনস অস্ট্রেলিয়ার ইন্ডি আসনের সংসদ সদস্য। রাজনীতিতে আসার আগে তিনি নার্স ও ধাত্রী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক গবেষণার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর আরও দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
তাঁর ওপর এ হামলার ঘটনায় অস্ট্রেলিয়াজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দ্রুত পদক্ষেপ ও আহত সংসদ সদস্যকে উদ্ধারে তাঁদের ভূমিকার প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা।
সূত্র: বিবিসি, রয়টার্স ও এবিসি নিউজ।



