আগস্টে জেট ফুয়েলের দাম বাড়ল, বাড়তি চাপ দেশীয় ফ্লাইটে

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) এক বার্তায় নতুন এ দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বিইআরসি। ফলে দেশীয় রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা, অর্থাৎ প্রায় ২২ শতাংশ।
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির দাম ০.৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১.০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
কয়েক মাসে কয়েক দফা পরিবর্তন
চলতি বছর জেট ফুয়েলের দামে একাধিকবার পরিবর্তন এসেছে। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিলও দাম বাড়ানো হয়।
এরপর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুনে তা আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
তবে আগস্টে আবারও দাম বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হলো।
জেট ফুয়েলের দাম বাড়ায় দেশীয় বিমান পরিবহন খাতে পরিচালন ব্যয় বাড়তে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত ফ্লাইটের ভাড়া ও যাত্রীদের ভ্রমণ ব্যয়ের ওপর পড়ার আশঙ্কা রয়েছে।
এফ বার্তা/ এইচ



