আগামীকাল খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনের পর্যটন ও প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা এবং মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা পর্যালোচনায় আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটিই তাঁর প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করবেন।
পরে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
সফরে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বাড়ানো, দেশি-বিদেশি নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রীর সফরটি সরকারি। স্থানীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও তাঁর আগমন ঘিরে প্রশাসন ও স্থানীয় নেতারা প্রস্তুতি নিচ্ছেন। এলাকার মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টে যাবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।
এদিকে, এই সফরের দুই সপ্তাহ পর আগামী ৫ নভেম্বর আবারও খুলনায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ, মোংলা বন্দরের বাণিজ্যিক সম্ভাবনা এবং প্রস্তাবিত শিল্পাঞ্চলকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাঁদের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে অঞ্চলটির বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে নতুন উদ্যোগের পথ তৈরি হতে পারে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



