আজ বিশ্ব মানবতা দিবস: মানবিক জীবন গঠনে কোরআনের শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েত ও মুক্তির পথনির্দেশ। এতে মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ন্যায়, দয়া, ক্ষমা, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও মানুষের মর্যাদা রক্ষাকে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মানুষের মর্যাদার স্বীকৃতি
ইসলাম জাতি, বর্ণ, গোত্র বা ধর্মের ভিত্তিতে মানুষের মানবিক মর্যাদাকে খর্ব করেনি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত: ৭০)
অন্য আয়াতে বলা হয়েছে, মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করা হয়েছে পরস্পরের পরিচয়ের জন্য। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। (সুরা হুজুরাত, আয়াত: ১৩)
ব্যক্তিজীবনে মানবিক শিক্ষা
কোরআন মানুষকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচার ও আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ দেন।’ (সুরা নাহল, আয়াত: ৯০)
একই সঙ্গে এতিম ও অসহায়দের প্রতি দয়া প্রদর্শন, অন্যের ভুল ক্ষমা করা এবং সহনশীল হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন ন্যায়বিচার থেকে মানুষকে বিচ্যুত না করে—এ বিষয়েও সতর্ক করা হয়েছে। (সুরা মায়িদা, আয়াত: ৮)
অন্যের সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআন পরনিন্দা, অযাচিত সন্দেহ ও অন্যের গোপন বিষয় অনুসন্ধান থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। (সুরা হুজুরাত, আয়াত: ১২)
পরিবারে ভালোবাসা ও দায়িত্ববোধ
পরিবারকে মানবিক মূল্যবোধের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে দেখেছে ইসলাম। মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার, ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের প্রতি শ্রদ্ধার নির্দেশ দেওয়া হয়েছে।
দাম্পত্য জীবনে ভালোবাসা, মমতা ও পারস্পরিক সম্মানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তিনি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। (সুরা রুম, আয়াত: ২১)
এ ছাড়া স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে সদাচরণ এবং তাদের অধিকার যথাযথভাবে পালনের নির্দেশ রয়েছে। নারী ও পুরুষের পারিবারিক অধিকার সম্পর্কেও কোরআনে ন্যায়সংগত নীতির কথা বলা হয়েছে। (সুরা বাকারাহ, আয়াত: ২২৮)
সমাজে মানবিকতার চর্চা
সামাজিক জীবনে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নেক কাজে একে অন্যকে সহযোগিতা করা এবং সমাজের বিরোধ মীমাংসায় ভূমিকা রাখার শিক্ষা দিয়েছে কোরআন।
আল্লাহ বলেন, ‘আর তোমরা নেক ও আল্লাহভীতিতে পরস্পরকে সাহায্য করো।’ (সুরা মায়িদা, আয়াত: ২)
অভাবী, এতিম ও বন্দিদের খাদ্য দেওয়ার বিষয়েও কোরআনে প্রশংসনীয় দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। (সুরা দাহর, আয়াত: ৮) পাশাপাশি মুমিনদের পারস্পরিক বিরোধ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা হুজুরাত, আয়াত: ১০)
মানবিক সমাজ গঠনের বার্তা
পবিত্র কোরআনের শিক্ষা পর্যালোচনা করলে দেখা যায়, মানবিকতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক ভিত্তি। ব্যক্তিজীবনে ন্যায় ও সংযম, পরিবারে ভালোবাসা ও দায়িত্ববোধ এবং সমাজে দয়া, সহযোগিতা ও ন্যায়বিচারের চর্চার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
কোরআনের এসব শিক্ষা অনুসরণ করে মানুষের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্ববোধ বাড়ানো গেলে ব্যক্তি ও সমাজজীবনে মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
ফিনান্সিয়াল বার্তা/এইচ




