অর্থনীতি

আন্তঃব্যাংকে ফের বাড়ছে ডলারের দাম

ছবি: সংগৃহীত

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতি ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সায় উঠেছে। দুই সপ্তাহ আগে আন্তঃব্যাংকে ডলারের দাম ১২২ টাকা ৭৫ পয়সায় নেমে এসেছিল। সে হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ৭৫ পয়সা।

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি এবং ব্যাংকগুলোতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ব্যয় বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে। এর প্রভাবে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার আন্তঃব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন ১২৩ টাকা ৩৯ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ডলারের গড় দাম ছিল ১২৩ টাকা ৪৫ পয়সা।

এদিকে ব্যাংকগুলোতে আগাম ডলার কেনাবেচার পরিমাণও বেড়েছে। গত বুধবার আগাম লেনদেনে সাড়ে ৭ কোটি ডলার কেনাবেচা হয়েছে। এর আগের দিন মঙ্গলবার এ ধরনের লেনদেনের পরিমাণ ছিল সাড়ে ৯ কোটি ডলার।

গত দুই সপ্তাহে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম বাড়ায় প্রবাসী আয় বা রেমিট্যান্সের ডলার কেনার দামও বেড়েছে। বর্তমানে ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনছে। ডলার কেনার খরচ বেড়ে যাওয়ায় গ্রাহকদের কাছে বিক্রির দামও বাড়িয়েছে ব্যাংকগুলো।

আমদানি ঋণপত্র বা এলসির ক্ষেত্রে বর্তমানে প্রতি ডলার গড়ে ১২৩ টাকা ৭৩ পয়সা দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো ব্যাংক প্রতি ডলার ১২৩ টাকা ৮০ পয়সা দরেও বিক্রি করছে। দুই সপ্তাহ আগে এলসির ক্ষেত্রে ডলারের গড় বিক্রয়মূল্য ১২৩ টাকা ৪৫ পয়সায় নেমে এসেছিল।

ডলারের দাম বাড়ায় আমদানিকারকদের এলসি খোলার ব্যয় বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের বিনিময়মূল্যের প্রভাবও আমদানি ব্যয়ে পড়তে পারে।

ক্যাটাগরি