আলোচনা ও সাহিত্য আসরে কাজী হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা সংগঠক ও বিশিষ্ট সাহিত্য পৃষ্ঠপোষক অ্যাডভোকেট কাজী গোলাম মোস্তফা হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আসর ‘প্রতিধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ৩টায় জীবননগরের কাজী টাওয়ারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি ডা. শাহীনুর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভাপতির বক্তব্যে ডা. শাহীনুর হায়দার কাজী গোলাম মোস্তফা হায়দারের জীবন ও সাহিত্যিক কর্মকাণ্ড তুলে ধরেন। প্রধান অতিথি রবিউল ইসলাম শুকলাল বলেন, সাহিত্য মানুষের হৃদয়ের কথা বলে। সাহিত্যচর্চার মাধ্যমেই সমাজ ও সভ্যতার নতুন পথের সন্ধান পাওয়া সম্ভব।
বিশেষ অতিথি অ্যাডভোকেট কাজী সদরুল উলা (বাবু) বলেন, প্রান্তিক সাহিত্যিক ও কবিদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল।
মরহুমের ছেলে অ্যাডভোকেট কাজী জুবায়ের বিন হায়দার বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ সবার সংগঠন। এর কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’ সংগঠনের কার্যক্রম গতিশীল করতে চুয়াডাঙ্গায় তার ব্যক্তিগত চেম্বার ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার পাশাপাশি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ করেন দর্শনা সাহিত্য পরিষদের মুখপাত্র কবি ফয়সাল আহমেদ, ইনতাজুল হক, রাজিয়া আক্তার রেখা, নাজমুল হুসাইন, সার্থক আলিম ও উমর ফারুক।
পরে অনুষ্ঠিত সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করেন ডা. শাহীনুর হায়দার, মুরশীদ আলম, জাদুশিল্পী মোহাম্মদ আলী, ফয়সাল আহমেদ, ইনতাজুল হক ও রাজিয়া আক্তার রেখাসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।



