শিল্প-সাহিত্য

মুফতি রেজাউল করীম আবরারের ‘তুরস্কের পথে পথে’ প্রকাশ

ছবি: সংগৃহীত

ইসলামী চিন্তাবিদ ও লেখক মুফতি রেজাউল করীম আবরারের নতুন ভ্রমণকাহিনিমূলক গ্রন্থ ‘তুরস্কের পথে পথে’ প্রকাশ হয়েছে। সিলেটের প্রকাশনা প্রতিষ্ঠান কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে তুরস্কের ইতিহাস, মুসলিম ঐতিহ্য, উসমানীয় সাম্রাজ্য, কনস্টান্টিনোপল বিজয় এবং মধ্যপ্রাচ্যের সমসাময়িক ভূরাজনৈতিক পরিস্থিতির নানা দিক তুলে ধরা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে মাসব্যাপী আয়োজিত ইসলামী বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।

‘তুরস্কের পথে পথে’ মূলত আন্তর্জাতিক সংস্থা ‘হাইআতু উলামা ফিলিস্তিন’-এর আমন্ত্রণে লেখকের আট দিনের তুরস্ক সফরের অভিজ্ঞতা, ঐতিহাসিক পর্যবেক্ষণ ও সামাজিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে লেখা।

গ্রন্থটিতে তুরস্কের মুসলিম ঐতিহ্যের বিভিন্ন ঐতিহাসিক স্থান, সেলজুক ও উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস, সুলতান মুহাম্মদ আল ফাতেহের কনস্টান্টিনোপল বিজয়ের স্মৃতি এবং তুর্কি সভ্যতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

বইটিতে শুধু ভ্রমণবৃত্তান্তই নয়, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও লেখকের পর্যবেক্ষণ স্থান পেয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার কারণে তুরস্ক সফর বিলম্বিত হওয়ার অভিজ্ঞতাও বইটিতে উঠে এসেছে।

সফরের পথে কাতারে ১২ ঘণ্টার অবস্থানকালের অভিজ্ঞতার ভিত্তিতে দেশটির অর্থনীতি, প্রতিরক্ষা ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরতা এবং ফিলিস্তিন সংকট নিয়েও আলোচনা করেছেন লেখক। ২০২৫ সালের বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী কাতারের মাথাপিছু আয় প্রায় ৭২ হাজার ৫২৫ মার্কিন ডলার—বইটিতে এ বিষয়টিও আলোচিত হয়েছে।

বই প্রকাশের বিষয়ে মুফতি রেজাউল করীম আবরার বলেন, মক্কা-মদিনার পর সেলজুক ও উসমানীয়দের স্মৃতিবিজড়িত তুরস্ক সফর তার কৈশোরের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। ‘হাইআতু উলামা ফিলিস্তিন’-এর আমন্ত্রণে সেই সফরের সুযোগ পাওয়ায় তিনি তুরস্কের ইতিহাস ও ঐতিহ্য কাছ থেকে দেখার সুযোগ পান।

তার ভাষ্য, নিছক সফরের বিবরণ দেওয়ার পাশাপাশি উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস, সুলতান মুহাম্মদ আল ফাতেহের কনস্টান্টিনোপল বিজয় এবং সফরের সময় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতা ও ফিলিস্তিন সংকট নিয়ে নিজের পর্যবেক্ষণ বইটিতে তুলে ধরার চেষ্টা করেছেন।

লেখকের আশা, বইটি পাঠকদের মধ্যে ইতিহাসচেতনা জাগ্রত করার পাশাপাশি মুসলিম উম্মাহর সামগ্রিক কল্যাণ নিয়ে চিন্তার খোরাক জোগাবে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন খন্দকার যুবাইর। ঢাকার বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত কালান্তরের প্রধান বিক্রয়কেন্দ্রে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া বায়তুল মোকাররমের ইসলামী বইমেলায় কালান্তরের স্টল এবং অনলাইন পরিবেশক রকমারি, রেনেসাঁ ও ওয়াফই লাইফ থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

‘তুরস্কের পথে পথে’ বইটির নির্ধারিত মূল্য ২৫০ টাকা। বইটির ISBN নম্বর ৯৭৮-৯৮৪-২৯৬২১-১।

মুফতি রেজাউল করীম আবরার ঢাকার জামিয়া ইসলামিয়া কুতুবখালীর শায়খুল হাদিস এবং জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে উজবেকিস্তান ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তার লেখা ‘ইমাম বুখারির দেশে’ শীর্ষক সফরনামাও প্রকাশিত হয়েছে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি