‘হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন তিনজন

সাহিত্যচর্চায় বিশেষ অবদান এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিকে ‘হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার ২০২৬’ দিয়েছে ফরিদপুর সাহিত্য পরিষদ।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন—ড. মোহাম্মদ হাননান, কিযী তাহনিন ও আজাদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কবি, সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সাহিত্য একটি জাতির চিন্তা, মনন ও সাংস্কৃতিক পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহিত্যিকদের কাজের স্বীকৃতি নতুন প্রজন্মকে বইপড়া ও সাহিত্যচর্চায় উৎসাহিত করতে পারে।
আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানান তারা।
পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে জাতীয় জাদুঘরের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



