এইচএসসি পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: সিলেট বোর্ডের চার শিক্ষককে শোকজ

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
মঙ্গলবার (১৪ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষায় সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি ও অসংগতি পাওয়া যায়। এর ফলে পরীক্ষার হলে শিক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়ে।
বোর্ডের ভাষ্য, প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা শিক্ষকদের এমন ভুল চরম দায়িত্বহীনতা ও পেশাগত অবহেলার শামিল। পাশাপাশি এ ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্ত চার শিক্ষক হলেন— শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রশ্নপত্রে ত্রুটির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিলেট শিক্ষা বোর্ড।




