এইচপিভি টিকা ও সচেতনতায় নারী পুলিশ সদস্যদের পাশে কমিউনিটি ব্যাংক

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে নারী পুলিশ সদস্যদের মধ্যে এইচপিভি টিকা প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআর,বি) সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে আইসিডিডিআর,বিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ উদ্যোগের অংশ হিসেবে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে প্রতীকী চেক হস্তান্তর করা হয়।
‘নারী পুলিশ সদস্যদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিরসন’ শীর্ষক বিশেষ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্পের মাধ্যমে ১৮ থেকে ৪৫ বছর বয়সী সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এএফপিবি) ১৮৮ জন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে।
সংশ্লিষ্টরা জানান, কিশোরীদের জন্য চলমান টিকাদান কর্মসূচির বাইরে প্রাপ্তবয়স্ক কর্মজীবী নারীদের এইচপিভি টিকার আওতায় আনার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধ এবং নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও কার্যক্রমটি সহায়ক হবে।
আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী ডা. রিজওয়ানা খানের নেতৃত্বে সাতটি ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে নৈতিক অনুমোদন, প্রাথমিক জরিপ, সচেতনতা কর্মসূচি, টিকা প্রদান, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ। পাশাপাশি নারী সদস্যদের মাসিক স্বাস্থ্যবিধি ও সামগ্রিক সুস্থতা নিয়েও সচেতন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মো. আলী হোসেন ফকির বলেন, নারী পুলিশ সদস্যরা দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন। তাঁদের স্বাস্থ্য ও সুরক্ষা অগ্রাধিকার পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আইসিডিডিআর,বির সঙ্গে এ উদ্যোগ সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রভিত্তিক টিকাদান কার্যক্রমের একটি দৃষ্টান্ত তৈরি করবে।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য উদ্যোগে আইসিডিডিআর,বির পাশে থাকতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও আরও অর্থবহ উদ্যোগে সহযোগিতার মাধ্যমে সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রাখার প্রত্যাশা করেন তিনি।
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ কমিউনিটি ব্যাংকের অবদানের প্রশংসা করে বলেন, কর্মক্ষেত্রভিত্তিক টিকাদান কার্যক্রম নিয়ে গবেষণা জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বাংলাদেশে আরও বেশি নারী সার্ভাইক্যাল ক্যান্সার থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে।



