কারাগারের ফটকে সন্তানের শেষ বিদায়, মায়ের বুকজুড়ে হাহাকার

সন্তানের মরদেহ সামনে, অথচ মায়ের কোলে নেওয়ার সুযোগ নেই। কারাগারের বন্দিদশায় থাকা এক মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করতে হলো কারাগারের ফটকে। স্বজনরা ফ্রিজিং ভ্যানে করে সন্তানের মরদেহ নিয়ে হাজির হন কারাগারে। সেখানেই দূর থেকে শেষবারের মতো সন্তানকে বিদায় জানান মা।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর প্যারোলে মুক্তির মাধ্যমে ছেলের কাছে যাওয়ার ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে সেই আবেদন প্রক্রিয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহ একটি ফ্রিজিং ভ্যানে করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান স্বজনরা। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শারমিনকে ছেলের মরদেহ শেষবারের মতো দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ নিয়ে কারাগার থেকে বেরিয়ে যান স্বজনরা।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। মায়ের সঙ্গে তার ছিল গভীর মমতার সম্পর্ক। জন্মের পর থেকে খাওয়াদাওয়াসহ দৈনন্দিন প্রায় সব কাজেই মায়ের ওপর নির্ভরশীল ছিল সে।
তিনি বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
স্বামীর দাবি, মাকে গ্রেপ্তারের পর থেকেই তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ গ্রহণ করতে পারছিল না সে। অসুস্থ অবস্থায় মায়ের অপেক্ষায় থাকতে থাকতে শেষ পর্যন্ত মারা যায় তাঁদের সন্তান।
নিপুনের অভিযোগ, শারমিনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। সন্তানের মৃত্যুর পর স্ত্রীকে শেষবারের মতো ছেলের মুখ দেখানোর জন্যই বাধ্য হয়ে মরদেহ নিয়ে কারাগারে আসেন তাঁরা।
কারাগার থেকে বেরিয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর অভিযোগ, জামিন না পাওয়ায় মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে শিশুটি। শেষবারের মতো সন্তানকে দেখার জন্য তাঁর বোনকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী তাঁকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।
একটি শিশুর জীবনে মায়ের সান্নিধ্য কতটা গুরুত্বপূর্ণ, তূর্যের মৃত্যুর ঘটনা যেন সেই বাস্তবতাকেই নতুন করে সামনে আনল। আর কারাগারের ফটকে সন্তানের শেষ বিদায়ের এই দৃশ্য রেখে গেল এক হৃদয়বিদারক প্রশ্ন-মায়ের অপেক্ষায় থাকা শিশুটির শেষ সময়গুলো কেমন কেটেছিল?



