কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউরিয়া সারের সংকট ও সরবরাহ নিয়ে ক্ষোভের জেরে বিসিআইসি ডিলারের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন কৃষকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে ৩৩ বস্তা সার ফেরত পাওয়া গেছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে ইউরিয়া সারের সংকট চলছে। চলতি আমন মৌসুমে সরকারি বরাদ্দ কম থাকায় এবং ডিলারের কাছ থেকে সময়মতো সার না পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল।
কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত দামে ডিলারের কাছে সার পাওয়া যাচ্ছিল না। অথচ খোলাবাজারে বেশি দামে ইউরিয়া বিক্রি করা হচ্ছিল। এ নিয়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের গুদামে গিয়ে দরজা ভেঙে সার নিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, চাহিদা অনুযায়ী সার না পাওয়ার আশঙ্কা থেকেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যান। মোট ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার পর পুলিশের অনুরোধে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ইতোমধ্যে কিছু সার উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট সার উদ্ধারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফিনান্সিয়াল বার্তা/এইচ



