জাতীয়

কুয়াকাটার সাগরে এক জেলের জালে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ টাকায়

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে একসঙ্গে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। প্রায় ২ হাজার ২০০টি ইলিশ নিয়ে এফবি জুনাইদ নামের মাছধরা ট্রলারটি শুক্রবার (৭ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরে পৌঁছালে নিলামে মাছগুলো ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

মহিপুরের মনোয়ারা ফিস আড়তের ম্যানেজার ছগির আকন জানান, মোট ৪৬ মণ ইলিশের মধ্যে ২৪ মণ মাছের ওজন ছিল এক কেজি বা তার বেশি। এসব ইলিশ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়ে মোট ২৭ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়।

এ ছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এ অংশের মাছের দাম উঠেছে ২০ লাখ ৯০ হাজার টাকা। দুই শ্রেণির মাছ মিলিয়ে মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

জেলে আলমগীর বলেন, প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এত বড় চালান ইলিশ পেয়েছেন। দীর্ঘদিন লোকসানের পর বিপুল পরিমাণ মাছ পাওয়ায় তারা আনন্দিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কিছুদিন আগেও সাগরে ইলিশের সংকট ছিল। সম্প্রতি জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সামনে আরও বেশি ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে জেলে, আড়তদারসহ ইলিশ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।

ক্যাটাগরি