খিলক্ষেতে ডিজে পার্টির ঘটনায়, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহির। শনিবার (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, খিলক্ষেতের ওই বাড়িতে ডিজে পার্টির ঘটনায় পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত ওই তিনতলা বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটির মালিক আব্দুল্লাহ আল জহির তখন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে সারা রাত ধরে ডিজে পার্টির আয়োজন, মাদক সেবন ও মাদকের কারবার চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানে ২৬ নারী ও ৫৮ পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও ছিলেন।
অভিযানকালে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনার পর আব্দুল্লাহ আল জহিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।



