সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে হত্যার ঘটনায় ছেলে তাহসিন গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে খুন হয়েছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী আফিয়া আক্তার (৬৮)। এ ঘটনায় হত্যার অভিযোগে তাঁর ছোট ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘুমন্ত মায়ের কক্ষে গিয়ে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তাহসিন। এতে আফিয়া আক্তারের মুখ ও গলায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে তাহসিন পাশের কক্ষে গিয়ে মাকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ।
খবর পেয়ে পুলিশ বাসা থেকে আফিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, বাসা থেকেই তাহসিনকে আটক করা হয়েছে। আফিয়া আক্তারকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, তাহসিন আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। তাঁর মানসিক সমস্যা রয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত আফিয়া আক্তারের দুই ছেলে। তাঁদের মধ্যে বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। ছোট ছেলে তাহসিনের সঙ্গে তিনি ধানমন্ডির ওই ফ্ল্যাটে বসবাস করতেন।



