গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন প্রশ্ন, পাঁচ দিন পরের বায়োডাটায় ‘অবিবাহিত’ মরিয়ম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ব্যক্তিগত ভিডিওর ঘটনায় নতুন একটি তথ্য সামনে এসেছে। তিনি দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুন তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে গণমাধ্যমে প্রকাশিত একটি বায়োডাটায় দেখা গেছে, কথিত বিয়ের পাঁচ দিন পরও মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রকাশিত বায়োডাটা অনুযায়ী, ২২ জুন তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের ওপরে হাতে লেখা রয়েছে ‘জোর সুপারিশ করছি’। অথচ এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ১৭ জুন পারিবারিকভাবে মরিয়মের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। ফলে বিয়ের পাঁচ দিন পরের নথিতে ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
এদিকে প্রকাশিত কাবিননামা অনুযায়ী, ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে মো. আবুল হোসেন ও বেগম মাকসুদা ইসলামের নাম রয়েছে।
ভিডিওটি প্রকাশের পর গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এক ভিডিও বার্তায় দাবি করেন, মরিয়মের সঙ্গে তাঁর স্বামীর পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। একই ধরনের দাবি করেন মরিয়ম খাতুন ও তাঁর বাবা মাছুম বিল্লাহ। তাঁদের ভাষ্য, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১৭ জুন বিয়ে সম্পন্ন হয় এবং পরে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে তাঁদের সম্মানহানির চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, ১৩ জুলাই রাজধানীর মগবাজারে তাঁর শ্বশুরের ব্যবসায়িক কার্যালয়ে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাঁদের জিম্মি করে অর্থ আদায় করেন। তাঁর দাবি, পারিবারিক বিরোধের জেরে গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে সেটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে বিয়ের তারিখ, কাবিননামা এবং বায়োডাটায় বৈবাহিক অবস্থার মধ্যে দেখা দেওয়া অসঙ্গতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।



