চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। সামিট এলএনজি টার্মিনালে এ কাজের কারণে বর্তমানে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
এতে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
পেট্রোবাংলা জানায়, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেবল এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কিছুটা কমতে পারে।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং কোনো ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।



