সারাদেশ

চুরির অভিযোগে বাবাকে খুঁটিতে বাঁধা, চা-রুটি খাওয়ানো তুবার পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর চা-রুটি খাওয়ানো ৯ বছরের শিশু তুবা বিনতে অর্নি ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তুবার বাবার মাদকাসক্তি শনাক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। একই সঙ্গে তুবার পড়াশোনা, পরিবারের ভরণপোষণ এবং ভবিষ্যৎ সুরক্ষায় সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের অনিক সরদারকে চুরির অভিযোগে স্থানীয়রা আটক করে মারধরের পর বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরদিন সকালে বাবাকে এ অবস্থায় দেখে তার ৯ বছরের মেয়ে তুবা ছুটে যায়। পরে বাবাকে চা ও রুটি খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিক সরদারের ডোপ টেস্টে মাদক সেবনের উপস্থিতি পাওয়া গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে বরিশাল নগরের বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র নিউ লাইফে ভর্তি করা হয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, নিউ লাইফে অনিকের দুই থেকে তিন মাস চিকিৎসা চলবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তার বাড়ি থেকে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন।

নিউ লাইফের চেয়ারম্যান মর্তুজা জুয়েল বলেন, অনিক সরদার বর্তমানে চিকিৎসাধীন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিউ লাইফ তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। চিকিৎসার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

অনিকের চিকিৎসার পাশাপাশি তার পরিবারের ভরণপোষণের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও আলী সুজা। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস যাতে বাড়িতে থেকেই কাজ করে আয় করতে পারেন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকাসক্তির কারণে অর্থের প্রয়োজন মেটাতে অনিক পড়ে থাকা বিভিন্ন জিনিস চুরি করতেন বলে জানা গেছে।

বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় চা-রুটি খাওয়ানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা তুবা বিনতে অর্নির পড়াশোনার দায়িত্বেও সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

ইউএনও জানান, তুবা যে বিদ্যালয়ে পড়াশোনা করে, সেখানে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা তার পড়াশোনায় বিশেষ নজর রাখবেন।

শুধু পড়াশোনা নয়, তুবার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। তার নামে একটি ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া শুরু করেছে উপজেলা প্রশাসন।

ইউএনও বলেন, তুবাকে সহায়তা করতে দেশ-বিদেশের অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তার নামে একটি স্থায়ী আমানত (এফডিআর) করার পরিকল্পনাও রয়েছে।

শুক্রবার রাতে পশ্চিম বামরাইল এলাকায় চুরির অভিযোগে স্থানীয়রা অনিক সরদারকে আটক করেন। পরে তাকে বামরাইল বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়।

পরদিন সকালে খবর পেয়ে সেখানে যায় তার ৯ বছরের মেয়ে তুবা। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে তাকে চা ও রুটি খাওয়ায়। পরে স্থানীয়রা অনিককে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের জিম্মায় ছেড়ে দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তুবার বাবার প্রতি মমতা ও পরিবারের অসহায়ত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে উপজেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি