জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল সুপ্রিম কোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (৩০ জুন) ছয়-তিন ভোটে দেওয়া রায়ে আদালত জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখে। প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থানকারী বাবা-মায়ের সন্তানরাও সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক।
রবার্টস উল্লেখ করেন, চতুর্দশ সংশোধনী গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছিল এবং আদালত সেই সাংবিধানিক প্রতিশ্রুতিই বহাল রেখেছে।
এ রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরে এটি দ্বিতীয়বার, যখন সুপ্রিম কোর্ট ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বাতিল করল।
রায়ের আগে রয়টার্স/ইপসসের এক জরিপে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে মত দেন, বিপক্ষে ছিলেন ৪১ শতাংশ।
সূত্র: বিবিসি




