জাতীয়

জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

ছবি : সংগৃহীত

জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির প্রধান দায়িত্ব হবে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা। প্রয়োজনে কমিটি নতুন কোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটির প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।

এর আগে ২১ এপ্রিল নবম জাতীয় বেতন স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় ১০ সদস্যের একটি কমিটি পুনর্গঠন করেছিল সরকার। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন ওই কমিটি ‘সচিব কমিটি’ নামে পরিচিত।

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়েও সরকারের কার্যক্রম এগোচ্ছে। ২০২৫ সালের জুলাইয়ে নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেয়। এতে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেছেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কোনো সম্পর্ক নেই।

তবে নতুন বেতনকাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয়ের বিষয়টিও সামনে রয়েছে। জ্বালানি ব্যয়, মূল্যস্ফীতি ও অন্যান্য অর্থনৈতিক চাপের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করতে সরকারের বড় অঙ্কের অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার প্রায় এক যুগ পর নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিলেও এখনো নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা ও গেজেট প্রকাশ হয়নি।

এফ বার্তা/ এইচ

ক্যাটাগরি