অর্থনীতি

জুলাইয়ের প্রথম ১১ দিনেই দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

ফাইল ছবি

চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ১১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৭৮ কোটি টাকা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১০৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর আগে জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ৫১ কোটি ৫১ লাখ, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার এসেছে।

চলতি বছরে ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে রেমিট্যান্স প্রবাহ। মে মাসে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এছাড়া এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার দেশে পাঠান প্রবাসীরা।

বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি