জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এ সময় এসব ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার।
এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জুলাই মাসের প্রথম ১৮ দিনেই উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসায় চলতি মাসেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।




