ট্রাম্পের নতুন শুল্কে আইনি চ্যালেঞ্জ, ২৫ অঙ্গরাজ্যের মামলা

বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে ঘিরে আবারও আইনি চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে শুল্ক আরোপের অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি মার্কিন অঙ্গরাজ্য।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্টের আগের রায়ের পরও ট্রাম্প প্রশাসন নতুন করে দুই অঙ্কের শুল্ক আরোপ করে আইনি সীমা অতিক্রম করেছে।
গত মাসে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এসব দেশের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করলে প্রশাসন অস্থায়ী শুল্ক ব্যবস্থা চালু করে। সেই অস্থায়ী ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার পরই নতুন শুল্ক কার্যকর করা হয়।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস অভিযোগ করেন, সুপ্রিম কোর্টে পরাজয়ের পর ট্রাম্প প্রশাসন আবারও পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অবৈধভাবে অতিরিক্ত করের বোঝা চাপাতে নতুন শুল্ক আরোপের চেষ্টা করছে।
তবে হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যিক আচরণের জবাব হিসেবেই এই শুল্ক আরোপ করা হয়েছে এবং এটি সম্পূর্ণ আইনসম্মত।




