ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি: এসএসসি উত্তীর্ণদের আবেদন ৪ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক। এ বৃত্তির আওতায় দুই বছর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন
সিটি করপোরেশন ও জেলা শহরের স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৮৩ থাকতে হবে।
তবে সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য বিবেচিত হবেন না। মোট বৃত্তির ৯০ শতাংশ গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। পাশাপাশি মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।
কত টাকা পাওয়া যাবে
বৃত্তির আওতায় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া বছরে পাঠ্য উপকরণের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য ১ হাজার টাকা দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
যোগ্য শিক্ষার্থীদের অনলাইনে ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বাবা-মায়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিতদের ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের ‘Primary Selection Letter’ ও প্রয়োজনীয় নির্দেশিকার প্রিন্ট কপি সঙ্গে নিতে হবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের শেষ সময়: ৪ সেপ্টেম্বর ২০২৬।




