ডিজিটাল উদ্যোক্তাদের ঋণ দিতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে এসএসএল ওয়্যারলেসের চুক্তি

ই-কমার্স ও এফ-কমার্স খাতের মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ও অর্থায়নের আওতায় আনতে সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
৩০ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ডিজিটাল উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যাংকিং ও ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তির আওতায় এসএসএল ওয়্যারলেসের ইকোসিস্টেমের মার্চেন্ট, পার্টনার ও বিক্রেতারা ব্র্যাক ব্যাংকের প্রচলিত মূল্যায়ন ও যোগ্যতার ভিত্তিতে ব্যাংকিং এবং ঋণ সুবিধা পাবেন। উদ্যোক্তাদের অর্থায়ন মূল্যায়ন প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবে এসএসএল ওয়্যারলেস।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের বর্তমান এসএমই গ্রাহকেরাও এসএসএল ওয়্যারলেসের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ডিজিটাল কমার্স ইকোসিস্টেমের বিভিন্ন সুবিধা নিতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ডিজিটাল কমার্স উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। উদ্যোক্তারা যেখানে ব্যবসা পরিচালনা করছেন, সেখানেই ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ অংশীদারত্ব করা হয়েছে।
এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার ও হেড অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন মহিউদ্দিন তৌফিক বলেন, এ অংশীদারত্ব অফলাইন, ই-কমার্স ও এফ-কমার্স মার্চেন্টদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের সঙ্গে যুক্ত করতে সহায়তা করবে।
প্রাথমিকভাবে এসএসএল ওয়্যারলেসের ডিজিটাল মার্চেন্ট ইকোসিস্টেমকে কেন্দ্র করে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।



