বিনোদন

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী? পাত্র কে, জানা গেল যা

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বিয়ের একটি আমন্ত্রণপত্র। বর-কনের প্রতীকী ছবির পাশাপাশি কার্ডে জায়গা পেয়েছে অভিনেত্রীর তিন পোষ্য কুকুরও। এরপর থেকেই বিয়ের তারিখ, পাত্রের পরিচয় ও অনুষ্ঠান আয়োজন নিয়ে চলছে আলোচনা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

বিয়ের কার্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে মিমি পালটা প্রশ্ন করেন, ‘কার কার্ডের কথা বলছেন?’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন মিমি। আগামী ২৬ নভেম্বর আইনি বিয়ে এবং ডিসেম্বরে মূল অনুষ্ঠানের আয়োজন হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে। বিয়ের অনুষ্ঠান ভারতের কালিম্পংয়ে হওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো অভিনেত্রীর পক্ষ থেকে পাওয়া যায়নি।

বিয়ের আমন্ত্রণপত্রে মিমির তিন পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুর উপস্থিতি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। পশুপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রীর কাছে পোষ্যরা পরিবারেরই অংশ। তাই বিয়ের কার্ডে তাদের জায়গা পাওয়া ভক্তদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এর আগে জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন মিমি। তার মতে, সঙ্গীকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি ভালো বন্ধু ও ভ্রমণপিপাসু হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাকে মিমির পোষ্যদের ভালোবাসতে হবে।

যদিও ২০২৩ সালের শেষ দিকে এক সাক্ষাৎকারে বিয়েকে নিজের অগ্রাধিকারের তালিকায় রাখেননি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। সময়ের সঙ্গে তার সেই ভাবনায় পরিবর্তন এসেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

‘গানের ওপারে’র পুপে থেকে বড় পর্দার তারকা

জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমি চক্রবর্তীর শোবিজে যাত্রা শুরু মডেলিংয়ের মাধ্যমে। তবে দর্শকের কাছে তার পরিচিতি তৈরি হয় ২০১০ সালে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’ দিয়ে। এতে পুপে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

ধারাবাহিকটির পর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। একই বছর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে অভিনয় করে বাণিজ্যিক সিনেমার দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন।

পরবর্তী সময়ে ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’, ‘খেলা যখন’ ও ‘রক্তবীজ’-এর মতো বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাণিজ্যিক ছবির নায়িকা থেকে শুরু করে জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের বৈচিত্র্য তুলে ধরেছেন।

২০২৫ সালে ‘রক্তবীজ ২’ সিনেমায় পুলিশ কর্মকর্তা সংযুক্তা মিত্রের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান মিমি। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি, শরীরচর্চা ও মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতাও রয়েছে তার। এ ছাড়া ২০২৬ সালে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার মাধ্যমে হরর-কমেডি ঘরানাতেও অভিনয় করেছেন তিনি।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বদলেছে অবস্থান

মিমির অভিনয়জীবনের অন্যতম আলোচিত বিষয় পর্দায় সাহসী দৃশ্যে অভিনয়ের সিদ্ধান্ত। চুম্বন কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে বিভিন্ন সময়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনকেই গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।

একসময় সৃজিত মুখার্জির ‘চতুষ্কোণ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মিমি। ছবিতে চরিত্রের প্রয়োজনে খোলামেলা পোশাক ও অন্তরঙ্গ দৃশ্য থাকায় তখন কিছুটা দ্বিধায় ছিলেন তিনি।

তবে পরবর্তী সময়ে নিজের সেই সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবেন। ২০১৬ সালের এক সাক্ষাৎকারে মিমি বলেছিলেন, অভিনয় করতে হলে চরিত্রের চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হয়। সব ধরনের চরিত্রে অভিনয়ের মানসিকতা থাকাও একজন অভিনেত্রীর জন্য গুরুত্বপূর্ণ।

২০২২ সালে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে আরও স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি। তার বক্তব্য ছিল, গল্প ও চরিত্রের প্রয়োজনে চুম্বন কিংবা ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই।

কাজ বাছাইয়ে নিজের সিদ্ধান্তকে গুরুত্ব

ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক সিনেমায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে কাজের ক্ষেত্রে অনেক বেশি বাছবিচার করেন মিমি। ২০২৩ সালের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভালো চিত্রনাট্যের পাশাপাশি সম্মানজনক পারিশ্রমিকও তার কাছে গুরুত্বপূর্ণ। শুধু কাজ পাওয়ার জন্য যেকোনো প্রস্তাব গ্রহণ করতে চান না তিনি।

২০২৬ সালের জানুয়ারিতে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারেও কাজ বেছে নেওয়ার বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন অভিনেত্রী। জানান, কোনো সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত শুধু চিত্রনাট্যের ওপর নির্ভর করে না। পরিচালকের সঙ্গে সম্পর্ক, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ভালো লাগাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলে।

সিনেমা সফল হলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন না, আবার ব্যর্থ হলেও হতাশায় ভেঙে পড়েন না বলেও জানিয়েছেন তিনি।

রাজনীতি ছেড়ে অভিনয়ে মনোযোগ

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মিমি চক্রবর্তী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ও চালিয়ে গেছেন। তবে ২০২৪ সালে সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মিমি। এরপর অভিনয়েই বেশি মনোযোগ দিতে দেখা যায় তাকে।

‘তুফান’ দিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা

পশ্চিমবঙ্গের বাইরেও মিমির পরিচিতি রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর এ দেশের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা আরও বাড়ে।

২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই ব্যাপক সাড়া ফেলে। এর মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও আলাদা পরিচিতি তৈরি হয় অভিনেত্রীর।

অভিনয়, রাজনীতি ও ব্যক্তিগত জীবন-বিভিন্ন কারণে বরাবরই আলোচনায় থাকেন মিমি চক্রবর্তী। এবার বিয়ের আমন্ত্রণপত্র ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন কি না, পাত্রের পরিচয় এবং বিয়ের তারিখ নিয়ে অভিনেত্রী নিজে কী জানান, এখন সেই অপেক্ষায় ভক্তরা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

ক্যাটাগরি