ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, হাসপাতালে ভর্তি ১৬৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্য থেকে এ চিত্র জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ বছর ডেঙ্গুতে মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৭ হাজার ৮২ জন।
মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন প্রাণ হারান।
তবে সেপ্টেম্বরে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ওই মাসে মারা যান ১৪৮ জন। আর চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে মৃত্যু হয়েছে ৫৪ জনের।
ডেঙ্গুতে মৃত্যুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। এ অবস্থায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।



