জাতীয়

ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার ৯৩৩ যাত্রী

সংগৃহীত ছবি

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ৬৬টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ৭৫টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

এসব ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যাত্রাবিরতি দিয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় সেগুলো ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। সৌদি আরবের দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল।

ফ্লাইট বাতিলের কারণে গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের এই দুই গন্তব্যে যাতায়াতের পরিকল্পনা করা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। সব মিলিয়ে বাতিল হওয়া ১৪১টি ফ্লাইটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।

ক্যাটাগরি