দুর্দান্ত সূচনা সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটে জ্বলে উঠেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
প্রথম দুই ম্যাচে যেখানে রান করতে হিমশিম খেতে হয়েছিল টাইগারদের, সেখানে আজ দৃশ্যপট একেবারেই ভিন্ন। টস জিতে আগে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ।
দুই ওপেনার সৌম্য ও সাইফ মিলে গড়েছেন ১৫২ বলে ১৭৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। তিন বছর পর ওয়ানডেতে ওপেনিং জুটিতে শতরান দেখল বাংলাদেশ, আর মিরপুরে এ কীর্তি গড়া হলো প্রায় ১০ বছর পর।
ব্যক্তিগত ফিফটি ছুঁয়ে আউট হন সাইফ হাসান। ৭২ বলে ৮০ রানের ইনিংসে ছয়টি চার ও ছয়টি ছক্কা মেরেছেন তিনি, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।
অন্যপ্রান্তে ঝড় তুলেছিলেন সৌম্য সরকার। ইনিংসের শেষভাগে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও নার্ভাস নাইনটিতে থেমে যান বাঁহাতি এই ব্যাটার। ৮৬ বলে ৯১ রানের ইনিংসে সাতটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি।
৩২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান। তাওহীদ হৃদয় ৮ ও নাজমুল হোসেন শান্ত ১৫ রানে অপরাজিত আছেন।
প্রথম দুই ম্যাচে ‘কালো’ উইকেটের ধাঁধায় যেখানে লো স্কোরিং লড়াই হয়েছিল, সেখানে আজ ব্যাটিংবান্ধব উইকেটে রানের ফুলঝুরি ছড়াচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলই আজ অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। টাইগারদের একাদশে আছে চার স্পিনার ও এক পেসার।
তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতা। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল সহজে, দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর সুপার ওভারে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।



