নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় সেরা ৯ শিশু, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে তিনটি বয়সভিত্তিক বিভাগে মোট ৯ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে ৩০ জন প্রতিযোগী সরাসরি কুরআন তিলাওয়াতে অংশ নেন। বিচারকদের মূল্যায়নে প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ের বিজয়ী হন।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীরা পেয়েছেন ৫০ হাজার ১ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীরা ৩০ হাজার ১ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীরা ২০ হাজার ১ টাকা। এছাড়া ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। ফাইনালে অংশ নেওয়া ৩০ জন প্রতিযোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা সম্মাননা ও সনদপত্র এবং আঞ্চলিক পর্যায়ের আরও ৬০ জন বিজয়ীকে বিশেষ সনদ দেওয়া হয়েছে।
প্রতিযোগীদের শুদ্ধ মাখরাজ, তাজবীদ, তিলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠস্বরের সৌন্দর্য এবং সামগ্রিক উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেই এই আয়োজন। তিনি আরও জানান, ভবিষ্যতে মাদ্রাসা থেকে পাস করা ছয়জনকে টেরিটরি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতী বলেন, শিশুদের ছোটবেলা থেকেই শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো এবং নৈতিক জীবন গঠনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ প্রতিযোগিতার পরিসর আরও বাড়ানো হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।




