জাতীয়

নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর প্রকাশের সম্ভাবনা

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নতুন পে-স্কেলের রেজুলেশন বুধবার বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে।

এরপর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং সম্পন্ন হলে এসআরও নম্বর দেওয়া হবে এবং এরপরই গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শেষ হবে।

নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছে। গেজেট প্রকাশ হলে নতুন বেতন কাঠামোর কার্যকর হওয়ার তারিখ, বেতনহার ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্ট হবে।

বর্তমানে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে।

ক্যাটাগরি