খেলাধুলা

নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫’ এ বাংলাদেশ নারী কাবাডি দলের ব্রোঞ্জ পদক অর্জন

ঢাকায় অনুষ্ঠিত “আন্তর্জাতিক নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫”-এর দ্বিতীয় আসরে থাইল্যান্ড জাতীয় নারী কাবাডি দলকে ৩৯-৩১ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে স্বাগতিক বাংলাদেশ নারী কাবাডি দল। শনিবার (২২ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫’ অনুষ্ঠিত ম্যাচে দেশের নারী কাবাডি দল এ জয় অর্জন করে।

জাতীয় দলের এই জয়ে গর্বের সঙ্গে অবদান রেখেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ জন নারী ক্রীড়াবিদ—দলের অধিনায়ক রুপালি আক্তার, খেলোয়াড় মোছাঃ স্মৃতি আক্তার, রুপালি আক্তার (জুনিয়র), লুবা আক্তার, আঞ্জুয়ারা রাত্রি এবং নারী কোচ শাহনাজ পারভিন মালেকা। তারা সবাই আনসার ও ভিডিপি ক্রীড়া দলের গর্বিত সদস্যা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় নারী কাবাডি দলের এই ঐতিহাসিক অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক গৌরবময় ও সমুজ্জ্বল ঐতিহ্য রয়েছে। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাহিনীর ক্রীড়াবিদরা লাল-সবুজের পতাকাকে উজ্জ্বল করেছেন, একই সঙ্গে মর্যাদা ও সাফল্যের শিখরে উন্নীত করেছেন বাহিনীকে। বাহিনী নিরলস প্রচেষ্টার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় প্রতিভা বাছাই করে সারাবছর নিবিড় পরিচর্যা, উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উদ্দীপনার মাধ্যমে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে গড়ে তোলে।

বাহিনীর বর্তমান মহাপরিচালক একজন ক্রীড়ানুরাগী ও দূরদর্শী নেতৃত্বদাতা হিসেবে, বাহিনীর ক্রীড়াদলকে সর্বদা আন্তরিক পৃষ্ঠপোষকতা করে আসছেন জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁর অবিচল সমর্থন, উৎসাহ এবং বিশেষ প্রণোদনার ফলে সকল ডিসিপ্লিনে সাফল্যের হার অতীতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এ সাফল্যের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বাহিনীর নারী ক্রীড়াবিদরা অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস-২০২৫-এ উশুতে আন্তর্জাতিক সাফল্যের পর এবার কাবাডি খেলোয়াড়রাও জাতীয় দলে অংশ নিয়ে নজরকাড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন।

স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জানজিবার।

ক্যাটাগরি